আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ দেউলিয়া হয়ে গেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে সরকার। তাই দেশ লোডশেডিংয়ে বিপর্যস্ত। দুর্নীতির অর্থ ধামাচাপা দিতে জ্বালানি তেলের সীমাহীন দাম বাড়ানো হয়েছে। এ সরকার অবৈধ ও অনির্বাচিত সরকার।
গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সাবেক জেলা বিএনপির সভাপতি শাহ আলমের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, সরকার সাধারণ মানুষের ভোটাধিকার ও জীবনের নিরাপত্তা কেড়ে নিয়ে গুম-খুনের মাধ্যমে রাজত্ব টিকিয়ে রাখছে।
তারা নিজেদের ঠিকিয়ে রাখতে সংবিধানকে নিজের খেয়াল খুশি মতো পরিবর্তন করে সরকার চালাচ্ছে। এ অবৈধ, অনির্বাচিত, দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে। এজন্য সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি। শাহ আলমের কথা স্মরণ করে বলেন, তিনি একজন সজ্জন ও বিনয়ী রাজনীতিবিদ ছিলেন। তোষামোদির রাজনীতি পছন্দ করতেন না তিনি।
স্বৈরাচারী আন্দোলন ও পার্বত্য চট্টগ্রামের সম্প্রতি রক্ষায় তিনি কাজ করেছেন। দলের ক্রান্তিকালে তিনি দুবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
