আলো ডেস্ক: যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালী এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলী ছেলে আলমগীর হোসেন (৪৫) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)। গদখালি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গদখালী এলাকায় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই যুবক। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে ঘাতক ট্রাক এবং এর চালকের সন্ধান এখনো মেলেনি।
