আলো ডেস্ক: চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপির হাইকমান্ড। আজ সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে বিএনপির মহাসচিবসহ স্থানীয় কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ৮ অক্টোবর: কেন্দ্রীয় নেতাদের পর এবার পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপির হাইকমান্ড। আগামী ৮ অক্টোবর এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গত শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় মতবিনিময়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম জানান, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির ধারাবাহিক মতবিনিময় সভায় সদস্যদের মতামতের সারসংক্ষেপ আগামী জাতীয় স্থায়ী কমিটির সভায় উপস্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করা হয়। আরও সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ২০০১ সালের ১ অক্টোবর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দিবসটিকে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আগামী ১ অক্টোবর প্রেস ক্লাবের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়।
