আলো ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এই সমাবর্তন অধিভুক্ত সাত কলেজের জন্য ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। ২৬ আগস্ট ২০১৯ থেকে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৭ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে convocation.du.ac.bd -এই লিংকে। অনলাইনে আবেদন করে নির্ধারিত ফি ২৭ অক্টোবর পর্যন্ত বিকাশ অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
ঢাবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে ও অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের স্ব স্ব কলেজে জমা দিতে হবে।
