আলো ডেস্ক: কক্সবাজারের টেকনাফে এবার স্থানীয় এক কিশোরকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় পালানোর সময় মোহাম্মদ শরীফ (৩০) নামে এক পানচাষিকে গুলি করেছে তারা। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ। তিনি জানান, এর আগে গত বৃহস্পতিবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রোহিঙ্গা সন্ত্রাসীরা ওই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে আবদুর রহমান আবছারকে (১৬) অপহরণ করে নিয়ে যায়।
গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সকালে ওই এলাকার পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান অপহৃত কিশোর আবদুর রহমান আবছার ও গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ। এ সময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী পানের বরজ হামলা করে আবছারকে ধরে ফেলে।
মোহাম্মদ শরীফ ভয়ে দৌড়ে পালানোর সময় গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি তাৎক্ষণিক টেকনাফ থানা পুলিশকে জানানো হয়। টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রসঙ্গত, এর আগে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পৃথক ঘটনায় ৫ স্থানীয় বাংলাদেশিকে অপহরণের সময় ৩জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এলেও দুজনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে অপহৃত ২ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পান।
