আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর হাসান মারফত (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ী এলাকার একটি আম বাগান থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশু শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়নে পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনর ছেলে।
এর আগে গত ১০ অক্টোবর সকালে নিখোঁজ ছিল মারফত। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিহতের চাচা আকবর হোসেন জানান, লাশটি তার নিখোঁজ ভাতিজা আলী হাসান মারফতের। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, সকালে আম বাগানে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, ধারণা করা হচ্ছে- কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ শুরু করেছেন।
