আলো ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ বছর বয়সী এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সাতজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সোনারগাঁয়ের চৌত্রাপাশা এলাকার ইসরাফিল (৩৩), রুহুল আমিন (২০), বাবু (২৬) ও খোকন আলম (২৬)। এর আগে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বরাত দিয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, গত বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও এলাকার এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে ওই তরুণী নৃত্য পরিবেশন করেন।
পরে রাত ১টার দিকে নয়াপুর বাজার এলাকায় ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসা মাত্রই গ্রেপ্তাররাসহ সাতজনের একটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়। আমরা এরই মধ্যেই চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
