আলো ডেস্ক: ২০২১ সালের ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় হত্যা করা হয় ছয়জনকে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সফিকুল ইসলাম ওরফে লালুকে (৫০) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
‘সিক্স মার্ডার’ মামলা নামে খ্যাত ওই মামলায় লালুকে গত মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয় উখিয়ার ময়নারঘোনা ক্যাম্পের ১৮ এর ব্লক-সি এলাকা থেকে। গতকাল বুধবার ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ। এএসপি ফারুক আহমেদ জানান, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার মামলার পলাতক এক আসামি অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় লালুকে। সিক্স মার্ডার মামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক আসামি গ্রেপ্তার করা হয়েছে।
লালু এ মামলায় এজাহারনামীয় ১৬ নম্বর আসামি। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। এরপর ২২ অক্টোবর রাতে ঘটে ৬ জনকে হত্যার ঘটনা।
