আলো ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় খবিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ১৪৮ মণ (৫৯২০ কেজি) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ী খবিরুলকেও আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান চাল কেনাবেচা করে আসছেন। হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা চালসহ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালও কেনার পর বিক্রি করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকায় অভিযান চালয়।
এ সময় ব্যবসায়ী খবিরুলের গোডাউন থেকে ১৪৮ মণ চাল জব্দ করা হয়। এ বিষয়ে ভ‚রুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেনের মোবাইল নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি। ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
