আলো ডেস্ক: নওগাঁয় আটক করার পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুজনের নওগাঁ জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা বিদ্যমান আইনের লঙ্ঘন। সুষ্ঠু তদন্ত না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। ফলে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে এর বিচার করতে হবে। মানববন্ধনে সুজনের নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক এ কে সাজু, আইন বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলামসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তির মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে এসে র্যাব সদস্যরা সুলতানা জেসমিনকে আটক করে নিয়ে যায়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভ‚মি অফিসে অফিস সহকারী পদে চাকরি করতেন। তার নামে আর্থিক প্রতারণার অভিযোগ ছিল বলে দাবি করেছে র্যাব।
