আলো ডেস্ক: রাজশাহীতে মাদক মামলায় আইয়ুব আলী (৩৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আইয়ুব মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের বাসিন্দা। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বলেন, র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২০২১ সালের ৬ ডিসেম্বর জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকা থেকে আইয়ুবকে ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল।
এ নিয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। এ আইনজীবী আরও বলেন, গ্রেপ্তারের পর থেকেই আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পতিবার তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেছেন।
তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
