আলো ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভ‚ত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভুত হয়। তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া এ কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। এতে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে ওঠে।
তাৎক্ষণিকভাবে গুগল এ ভূকম্পনের মাত্রা ৪ দশমিক ৬ বলে জানালেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ এবং এর অবস্থান ছিল সিলেট থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। কম্পনের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্যও জানা যায়নি। অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪.৮। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার।
এদিকে সকালে সিলেটে টানা বৃষ্টির মধ্যে এ ভূমিকম্প অনুভুত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট নগরের দর্শনদেউরি আবাসিক এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মো. সায়েক মিয়া বলেন, ভূমিকম্পে আমাদের বহুতল ভবনটি কেঁপে ওঠে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এছাড়াও আগামী কয়েক দিনে সিলেট জেলায় ১৪শ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যার শংকার মাঝে গতকাল শুক্রবার সকালের ভূমিকম্প সিলেটবাসীর মাঝে ভীতি জাগিয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে গতকাল শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে যে ভূমিকম্প অনুভুত হয়েছে আমেরিকান ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের তথ্য অনুসারে ভুমিকম্পটি ছিল ৫ মাত্রার ও এর উৎপত্তিস্থল সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে।
ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ভূমিকম্পটির ভৌগলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।তিনি আরও লেখেন, সিলেট শহরের মানুষদের আগামী ২৪ ঘণ্টা সতর্ক থাকার অনুরোধ করবো। ৫ মাত্রার ভূমিকম্প অপেক্ষাকৃত শক্তিশালী। ফলে আগামী ২৪ ঘণ্টা ছোট-ছোট আরও ২-১টি ভ‚মিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।
যে ভুমিকম্পগুলো প্রথম ভ‚মিকম্পের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সৃষ্টি হয়ে থাকে। তবে মোস্তফা কামাল পলাশের এমন মন্তব্যে দ্বিমত পোষণ করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন। সজিব বলেন, পৃথিবীর কেউই যেখানে ভুমিকম্পের আগাম বার্তা দিতে পারেন না।
সেখানে আমাদের দেশের কিছু উর্বর মস্তিষ্কের গবেষক ও আবহাওয়াবিদ আগাম বলছেন আরও ভুমিকম্প হবে। এটা বিষ্ময়কর। এর আগে গত ৫ মে সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভ‚কম্পন অনুভুত হয় ঢাকায়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।
