আলো ডেস্ক: নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় ফরিদ উজ্জামান রিফাত (২২) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদ উজ্জামান রিফাত উপজেলার আগিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সাত্তারের ছেলে।
তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি ওই এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিতে তিন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ উজ্জামান রিফাতকে মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু: এদিকে নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে হেনা আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বারহাট্টা রেলস্টেশনের গ্যাংকোয়ার্টার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেনা আক্তার ওই এলাকার ওমর ফারুকের স্ত্রী। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুর রহমান জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা রেল স্টেশনে থামে।
এ সময় ওই স্টেশনে নেমে আসা যাত্রীরা রেললাইনের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। হেনার স্বামী ওমর ফারুক জানান, প্রতিদিনের মতো গতরাতেও আমরা একসঙ্গে ঘুমিয়ে পড়ি। রেললাইনের পাশেই আমাদের বাসা। হইচই শুনে আম্মা বাসা থেকে বেরিয়ে গিয়ে রেল লাইনের ওপর হেনার লাশ দেখতে পান।
আমাদের চার বছরের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না। কেন এ ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারছি না। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
