আলো ডেস্ক: সরকার যতোই চেষ্টা করুক জনগণ আর তাদের ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকার বিদেশিদের অনেক বুঝানোর চেষ্টা করেছে, সেখানেও তারা ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি মিডিয়া সেল আয়োজিত গণমাধ্যমের কালো দিবস উপলক্ষে আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে গেছে। সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছে। কারণ, জনগণের আন্দোলনে সরকার আজ ভীত। তাই এ সরকারকে বিদায় করাই এখন জনগণের একমাত্র লক্ষ্য। সহসা বিদায় না নিলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।
তিনি বলেন, একজন সাংবাদিককে (জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিহত) চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করায় হত্যা করা হয়েছে। গত ১৪ বছরে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগর-রুনি হত্যার পুলিশি প্রতিবেদন ১০০ বার পিছিয়েছে। এসবের কারণে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ করার সাহস পাচ্ছেন না।
তিনি আরও বলেন, এর ফলে সরকারের যারা সিন্ডিকেট রয়েছে, তারা নির্ভয়ে দুর্নীতি করতে পারছে। দেশে দ্রব্যমূল্য আজ লাগামছাড়া। মূল্যস্ফীতি বেড়ে গেছে। জ্বালানির অভাবে লোডশেডিং বেড়েছে। ব্যাংকগুলো আজ দেউলিয়া, ডলার-পাউন্ডের সংকট। আইন করে বিদ্যুতের ওপর ইনডেমনিটি বসানো হয়েছে। অথচ কমার্শিয়াল খাতের ওপর ইনডেমনিটি বসানোর কোনো নিয়ম নেই।
এ সবই সীমাহীন দুর্নীতির ফল। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
