আলো ডেস্ক: সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আলওয়াজ আরশের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর গতকাল শনিবার সকালে পিয়াইন নদীর জিরো পয়েন্টে এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। আরশদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে।
তার বাবা জাহিদুল হোসেন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আরশ তার বাবা পুলিশ পরিদর্শক মো. জাহিদুল হোসেনের সঙ্গে পিয়াইন নদে গোসলে নেমেছিল। একপর্যায়ে স্রোতের টানে দুজনই ডুবে যেতে শুরু করেন। স্থানীয় লোকজন নৌকা নিয়ে জাহিদুল হোসেনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় আরশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরশ নিখোঁজের পর থেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, গোয়াইনঘাট থানা-পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং স্থানীয়রা দফায় দফায় পিয়াইন নদীতে অভিযান চালায়। তবে তাকে উদ্ধার করা যায়নি।
অবশেষে গতকাল শনিবার সকাল ৭টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় তার লাশ ভেসে ওঠে। গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
