আলো ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. পাপ্পু (৪০) নামের এক রোগী মারা গেছেন। গতকাল শনিবার সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. পাপ্পু রাজশাহীর বাঘা উপজেলায় সাহের আলীর ছেলে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল. এফএম শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহীর বাঘা উপজেলায় পাপ্পুর বাড়ি। তিনি ঢাকার মুন্সিগঞ্জে কাজ করতেন। ডেঙ্গু জ্বর নিয়েই ঈদের ছুটিতে রাজশাহীতে আসেন। ২ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন।
শুরু থেকেই তার অবস্থা গুরুতর ছিল। অবস্থা দেখে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। তার কিডনির সমস্যাও ছিল। আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি মারা যান। তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে।
ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা এখন সাতজন। এদের সবাই ঢাকার বিভিন্ন এলাকা থাকতেন। জ¦র নিয়ে ঈদের ছুটিতে রাজশাহীতে আসেন। পরবর্তীতে চিকিৎসা নিতে গিয়ে নমুনা পরীক্ষা তাদের ডেঙ্গু ধরা পরে। রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
