আলো ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গতকাল মঙ্গলবার টুইটারে গোয়েন লুইস বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস। সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। অন্যদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন প্রার্থী আলমের ওপর যারা হামলা এবং সহিংসতা করেছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত সোমবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যেকোনও ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। তিনি আরও বলেন, আমরা আগেও যা বলেছি এখনও তাই বলছি যে আমরা আশা করি বাংলাদেশের সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে এবং আমরা সেটি অব্যাহত ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো।
উল্লেখ্য, গত সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে।
ঘটনাটি তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটেছে। যারা এর সঙ্গে জড়িত তারা কোন দলের, তা দেখা হবে না। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী মডেল থানায় আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
বনানী মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে মারধরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে ব্যবস্থা নিয়ে বিষয়টি ইসিতে অবহিত করারও নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সিইসি টেলিফোনে ডিএমপি কমিশনারকে এ নির্দেশনা প্রদান করেন।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত সোমবার জাতীয় সংসদের ঢাকা-১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলমকে মারধরের ঘটনায় সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
