স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ট্রাকের চাপায় কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পবা উপজেলার বড়গাছি রাজ হিমাগারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কলেজ শিক্ষকের নাম মাসুদ রানা (৩৫)। তিনি বড়গাছি এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে। মাসুদ রানা মোহনপুর উপজেলার ধোঁপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।
পবা থানার ওসি সিরাজুম মনির জানান, কলেজ শিক্ষক মাসুদ রানা মোটরসাইকেল যোগে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। রাজ হিমাগারের সামনে বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি জানান, নিহত মাসুদ রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু ড্রাইভার আর হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা রজু করা হবে বলে জানান ওসি।
