আলো ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লাঙলের প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে আওয়ামী লীগের এমপি, নেতারা চাপ দেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি আসেনি।
এ অবস্থায় যেখানে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আছে, সেখানে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ প্রবর্তন করায় এর ওপর সংসদে আনীত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গতকাল সোমবার তিনি এ কথা বলেন।
এর আগে কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারা অনুযায়ী উপাধ্যক্ষ আবদুস শহীদ এ প্রস্তাব আনেন। মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের প্রার্থীকে স্থানীয় আওয়ামী লীগের এমপি, নেতারা চাপ দেন প্রার্থিতা তুলে নেওয়ার জন্য। এটা যাতে না হয়, জোর জবরদস্তি যাতে না করা হয়, এ বিষয়ে নির্দেশ দিতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।
জাপা মহাসচিব বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একার নয়, তিনি সবার। বঙ্গবন্ধু সব কিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব, বঙ্গবন্ধু ছাড়া কিছুই নেই। আপনারা সব সময় বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নিতে চান। বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নেবেন না।
