স্টাফ রিপোর্টার
রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা জিতে নেয় মোহনপুর উপজেলা দল।
খেলা শেষে খেলোয়াড়দের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।
তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে ফিরিয়ে এনে তরুণদের মেধা, মনন ও প্রতিভার বিকাশ ঘটানো সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়ামোদী। দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে এবং খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্তৃত করতে হবে।
স্টেডিয়ামের ফ্লাডলাইট দ্রুত সচলের উদ্যোগ
রাজশাহীর ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি দ্রুত ফ্লাডলাইট সচল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ভূমিমন্ত্রী।
তিনি বলেন, স্টেডিয়ামটির ফ্লাডলাইট আগের মতো সচল করতে সব ধরনের রাষ্ট্রীয় প্রচেষ্টা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের বিভিন্ন জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতে প্রায় ১৬টি ছোট-বড় মাঠ রয়েছে। এসব মাঠের অধিকাংশই বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে দ্রুত এসব মাঠ সংস্কার করে সুন্দর, সবুজ ও খেলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে।
স্কুল-কলেজে ভলিবল গোল্ডকাপ
রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে শহরের স্কুল-কলেজগুলোতে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী।
এ ছাড়া ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভূমিমন্ত্রী।
পুরস্কার পেলেন যারা
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন দুর্গাপুর উপজেলা দলের পলাশ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের জুবায়ের।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা দলের বাদল। আর সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন মোহনপুর উপজেলা দলের আবু রায়হান।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শনিবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
