মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে বড়পই জাগরণী ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জোকাহাট ক্লাব।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ পর্যন্ত জোকাহাট ক্লাবের করা একমাত্র গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। ফলে ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ একরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী ম-ল, বড়পই জাগরণী ক্লাবের সভাপতি এম এ মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
ফাইনাল খেলাকে ঘিরে বড়পই জাগরণী ক্লাব মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলা উপভোগ করেন।
