আলো ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রুপপুর-পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেনÑ অটোভ্যানের চালক ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আবদুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)। ওসি জানান, পাবনা থেকে রূপপুর থেকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেল। আর রূপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। আওতাপাড়া নামক এলাকার একটি মোড়ে পৌঁছামাত্র মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যায়। গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল জব্দ করে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
