সংগৃহীত ছবি
আলো ডেস্ক
গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত ‘কথা বলা’ সেই গাছটি কেটে ফেলা হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের উপস্থিতিতে গাছটি কেটে ফেলে স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, গাছে কান পাতলে কথা শোনার বিষয়টি গুজব ছিলো। তবে গাছ থেকে কথা শোনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
স্থানীয়রা জানান, গেলো এক সপ্তাহ আগে উপজেলার রাঘদি ইউনিয়নের গজিনা গ্রামে নিরব নামে পাঁচ বছর বয়সী এক শিশু গাছটিতে ধারালো দা দিয়ে কোপ দিলে গাছ বলে ওঠে ‘আমাকে মারিস না’। পরে সে এ ঘটনা পাশের একজন মহিলাকে বললে, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। দলে দলে এসে গাছে কান পেতে শোনার চেষ্টা করে সবাই। তাদেরও একই দাবি, গাছে কান পাতলে নারী কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কেউ সালামের উত্তর শুনছেন, আবার কেউ কান্না বা আর্তনাদের আওয়াজ শুনছেন। আবার অনেকেই বলছেন ভুয়া। কান পাতলে গাছ ও পাতা নড়ার শব্দ শোনা যায়।
এসময় গাছের সাথে কান পেতে কথা শোনার চেষ্টা করে সাধারণ মানুষ। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। পরে শনিবার দুপুরে গাছটি কেটে ফেলা হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ উপস্থিত ছিল।
এ বিষয়ে রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুল জানান, অপপ্রচারকে কাজে লাগিয়ে এ গাছ দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পরে সেজন্য কেটে ফেলা হয়েছে।
