গোদাগাড়ী প্রতিনিধি
“আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে উপজেলার কাকনহাটে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক শোভাযাত্রা, পথসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচির শুরুতে আদিবাসী সামাজিক নেতৃবৃন্দ এবং রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শতাধিক সদস্যের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী সাজসজ্জা ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রাটি কাকনহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাকনহাট পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয় পথসভা।
পরে সিসিবিভিও শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। সভা সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।
আলোচনা সভায় বক্তব্য দেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা বিউটি তির্কী, সিষ্টি টুডু, ইথার আরিফ এবং পদ্মা টাইমসের সাংবাদিক মো. আব্দুল বাতেন।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের পাশাপাশি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে আদিবাসী নারীদের স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব এবং ঐতিহ্যবাহী ধাত্রীদের ভূমিকার স্বীকৃতি ও সম্মানের বিষয়েও আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই দিবসটি পালন করা হয়।
দিবস উদযাপনের কর্মসূচিতে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলি মুর্মু, পৌল টুডু, যোশেফ হাঁসদা এবং বিভিন্ন সমাজ সংগঠক।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোদাগাড়ীর কাকনহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচি শেষ হয়।
