গোদাগাড়ী প্রতিনিধি
মাদক, অনলাইন জুয়া ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে জনসাধারণের নানা অভিযোগ রাজশাহীর তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) তানোর থানা চত্বরে তানোর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং পুলিশের কর্মকর্তারা অংশ নেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবা নিয়ে উপস্থিত জনসাধারণের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের খোলামেলা আলোচনা হয়।
সভায় সাধারণ জনগণের পক্ষ থেকে তানোরে মাদক নিয়ন্ত্রণ, যানবাহনের ট্রাফিক ব্যবস্থাপনা, অনলাইন জুয়া, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া, সাইবার অপরাধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ ও উদ্বেগ তুলে ধরা হয়।
বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব একটি পরিবার থেকে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান তারা।
সভায় অনলাইন জুয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণদের একটি অংশ জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন। এর ফলে তরুণদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক নানা সমস্যা সৃষ্টি হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
এছাড়া তানোরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও সাধারণ মানুষের নানা অভিযোগ শোনা যায়। গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানজট, যত্রতত্র গাড়ি পার্কিং এবং ট্রাফিক আইন না মানার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সভায় থানার প্রশাসনিক কার্যক্রম ও পুলিশের সেবা নিয়েও কিছু অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা। প্রত্যাশিত সেবা পেতে বিভিন্ন ধরনের সমস্যার কথা উল্লেখ করে বক্তারা পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমানো এবং দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
জনসাধারণের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও সভায় গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
তারা আরও বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে পুলিশের পাশে থেকে সহযোগিতা করতে হবে। কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো. আশিক সাঈদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজমুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ স্থানীয় জনগণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। আলোচনায় উঠে আসা বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, জনগণের সেবার জন্য পুলিশ বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তানোর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কমিউনিটি পুলিশিং সভায় স্থানীয় বাসিন্দারা সরাসরি পুলিশ কর্মকর্তাদের কাছে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পান। সভায় আলোচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাধারণ মানুষ।
