লিয়াকত হোসেন
সাধারণ সভা ও দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকরা। একই সঙ্গে ইউনিয়নের বর্তমান কমিটি থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণেরও দাবি জানান তারা।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর রেলগেট ট্রাক স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা ‘কমিটি বাতিল কর’, ‘অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাই’ ইত্যাদি স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে বিগত সরকারের পতনের পর শ্রমিক নামধারী কিছু ব্যক্তি ইউনিয়ন দখল করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ২০১৭ সালের পর থেকে ইউনিয়নে কোনো প্রকার সাধারণ সভা বা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দখলদারদের প্রায় দুই বছর সময় পার হলেও তারা সাধারণ সভা বা নির্বাচনের কোনো ব্যবস্থা নেননি।
এছাড়া শ্রমিকদের মেয়েদের বিবাহ ভাতা, ছেলেদের শিক্ষা ভাতা এবং মৃতকালীন অনুদান পরিশোধের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। এতে শ্রমিকদের চরম অর্থনৈতিক ক্ষতি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানান তারা।
শ্রমিক সংগঠন ও শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে দ্রুত সাধারণ সভা এবং নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
এ বিষয়ে রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক মানা বলেন, যে শ্রমিকরা আজ মানববন্ধনে অংশ নিয়েছেন, তারা বর্তমান কমিটির অনুমোদনের সময় স্বাক্ষরকারী ছিলেন। হুট করে তাদের এই আন্দোলনের কারণ বোধগম্য নয়।
আমরা বিভাগীয় শ্রম অধিদপ্তর কর্তৃক স্বীকৃত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরসহ গত ২৫ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে ঘোষিত নির্বাচনী ফলাফল পরবর্তী ২৭ মার্চ শ্রম দপ্তরে দাখিল করা হয়েছে।” শ্রম দপ্তরে অনুমোদিত ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি বিভাগীয় শ্রম দপ্তরের স্মারক অনুযায়ী রাজ-১৬০৭ নিবন্ধিত।
