রাজশাহীর তানোরে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নির্বাচনী জনসভা সফল করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন। শনিবার সন্ধ্যায় বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি তানোর পৌরসদরের গোল্লাপাড়া ফুটবল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভা অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক এ মাঠে আগে বিএনপির জনসভা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারও ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ও ভোটারের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সাত ইউনিয়ন ও দুই পৌরসভার ৮১ ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা অংশ নেবেন।
তিনি জানান, জনসভার অন্যতম আকর্ষণ হিসেবে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক উপস্থিত থাকবেন। বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী দল জামায়াতের সমালোচনা করেন এবং ভোটের মাঠে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। জনসভায় শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে বলেও জানানো হয়।
সভায় পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, ডা. মিজানুর রহমান, মহিলা দলের সভাপতি পলি, অধ্যাপক মজিবুর রহমান, যুবদল নেতা গোলাম মুর্তজা, আব্দুল মান্নান, তোফাজ্জল হোসেন তোফা, মশিউর রহমান মুর্শেদ, শাহিন সরকার রঞ্জু, লিটনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
