আলো ডেস্কঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করলে অসুবিধা নাই বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়া রাজনীতি করলে অসুবিধা না হলে তাকে ঘরে আটকে রেখেছেন কেনো? খালেদা জিয়া এখন আমাদের মতো মুক্ত মানুষ নন।
বাড়ি থেকে তার রাজনীতি করার কোনো সুযোগ নেই। গত শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজ মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি (আইনমন্ত্রী) দেশটাকে ডুবিয়ে ফেলেছেন। আমার যদি এতোটুকুও ক্ষমতা থাকতো, তাহলে আমি এখনই আনিসুল হককে মন্ত্রীসভা থেকে বের করে দিতাম। তিনি বলেন, ‘দেশ যেভাবে যাচ্ছে- তাতে আগামী ৫-১০ বছরে বিএনপি আওয়ামী লীগের মসজিদে যাবে না, আওয়ামী লীগও বিএনপির কবরস্থানে কাউকে কবর দেবে না।
আমি ওই রকম দেশ চাই না। ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিন ডিলারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হালিম সরকার লাল, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর, আশিক জাহাঙ্গীর ও আলমগীর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
