আলো ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগরে মিথ্যা অভিযোগ ও অত্যাচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কুকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী হামলা করে স্থানীয় জবেদা বেগম ও ছেলে জাবেদসহ চারজনকে মারধর ও কুপিয়ে জখম করেন। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা করা হয়। জবেদা বেগমের লোকজন পোস্টার ছাপিয়ে তা লাগানোর জন্য দুই শ্রমিক সাইফুল ইসলাম বাবু ও নাহিদকে দায়িত্ব দেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তারা পোস্টার লাগাতে যাচ্ছিলেন।
এ সময় টুনিয়া মান্দ্রা ব্রিজ থেকে তাদের আওয়ামী লীগ ক্লাবের কথা বলে ধরে নিয়ে যান ড্রেজার সিরাজ, মেহেদী হাসান রিয়াজ, সাজু, ফিরোজসহ কয়েকজন। এরপর দুজনকে চার ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। পরে ২২ পিস ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি সাজানো বলে পুলিশ তাদের ছেড়ে দেয়। রাতে আবার অজ্ঞাত কারণে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, শুধু এ দুই ঘটনাই নয়, চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির নির্দেশে তার লোকজন অত্যাচার করে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান তারা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপ ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
এসব ঘটনায় আমি জড়িত না। মারামারি-হানাহানিতে আমার কোনো লোকজন নেই। আমি একাই চলি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, আমি বা আমার কোনো লোকজন এসব ঘটনায় জড়িত না। তারা মানববন্ধনে আমার বিরুদ্ধে যা বলেছেন সব মিথ্যা। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
