স্টাফ রিপোর্টার
শুক্রবার (০৯ অক্টোবর) বিকালে রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃস্থাপিত ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। রাসিকের সাবেক মেয়র ও বর্তমান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর মেয়াদকালে গৃহীত তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মধ্যে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি এবং তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর শিক্ষানগরী হিসেবে রাজশাহীর অবস্থান সুপ্রতিষ্ঠিত রাখতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম এবং স্থগিত থাকা প্রকল্পগুলোর পুনর্গঠন কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে, জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ২২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কটি ১৬০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের আধুনিক সড়কে উন্নীত করার পুনর্গঠন কাজের পরিকল্পনা নেয়া হয়েছে। এই বাইপাস সড়ক প্রকল্পে ৩টি আউটগোয়িং ও ৩টি ইনকামিং লেন (মোট ৬-লেন) থাকবে। পাশাপাশি নিচ দিয়ে ড্রেনের ওপর ফুটপাতসহ ২টি স্লো লেন, মাঝখানে প্রদেয় ডিভাইডারে বৃক্ষরোপণ এবং সড়কের উভয় পাশে নান্দনিক সবুজায়নের ব্যবস্থা রাখা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পূর্বে থমকে থাকা প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করা হচ্ছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে নগরীতে অবকাঠামোগত দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়াস্থ চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির আওতায় স্থাপিত ভিত্তিপ্রস্তর ফলকগুলো ঘোষপাড়া মোড়, মেডিক্যাল বন্ধগেট মোড় ও সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে অবস্থিত ছিল।
এ ছাড়া, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান। প্রকল্প দুটির উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
অন্যদিকে, ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে এই তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক মুছে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর ঐতিহাসিক স্মৃতি পুনরুদ্ধার করা হলো।
