স্পোর্টস ডেস্ক
লা লিগায় ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের জন্য নতুন এক শাস্তির শঙ্কা দেখা দিয়েছে। এর আগে নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইংরেজি ভাষায় মন্তব্য করায় ভুল বুঝে স্প্যানিশ কোচ তাকে গালি দেওয়ার অভিযোগে লাল কার্ড পান, যার ফলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছিলেন। এবার, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে গিয়ে আবারও তিনি শাস্তির মুখে পড়তে পারেন।
ম্যাচে বিরক্ত হয়ে বেলিংহাম ভিএআর মনিটরে লাথি মারেন, যা লা লিগার আচরণবিধি অনুযায়ী গুরুতর অপরাধ। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে মাঠের কোনো উপকরণ নষ্ট করেন, তবে তার বিরুদ্ধে এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা, জরিমানা বা তিরস্কারের মতো শাস্তি হতে পারে।
এখন পর্যন্ত ৮টি ম্যাচ বাকি, যেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এর মধ্যে এল ক্লাসিকোও রয়েছে, তাই বেলিংহাম যদি নিষেধাজ্ঞার শিকার হন, তবে তা রিয়ালের জন্য বড় আঘাত হতে পারে।
