আলো ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দৈনিক হাজারিকা প্রতিদিনের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী মারা গেছেন। গতকাল সোমবার বিকাল ৫টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি।
হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা এ তথ্য জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন। জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জয়নাল হাজারীর বাড়িতে যৌথবাহিনীর অভিযানের পর তিনি পালিয়ে ভারতে চলে যান।
২০০৪ সালে হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ ২০০৯ সালে ফের ক্ষমতায় এলে তিনি ভারত থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন।
পরে একে একে সব মামলা থেকে অব্যাহতি পান হাজারী। ২০১৯ সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পদ পান জয়নাল হাজারী। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
