আলো ডেস্ক: বরগুনার তালতলীতে বজ্রপাতে মো. আনোয়ার হোসেন মৃধা (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার একই গ্রামের কামাল মৃধা ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির উত্তর পাশের ডাঙ্গায় মাছ ধরতে যান আনোয়ার হোসেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তালতলী থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন জানান, বজ্রপাতে মৃত আনোয়ারের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
