আলো ডেস্ক: গলাচিপা উপজেলার উলানিয়া বাজারের পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনির পৈত্রিক বাড়ি উচ্ছেদ বন্ধে করা রিট আবেদনটি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন আদালতে গতকাল রোববার রিটের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট মো. এমদাদুল হক কাজী। তিনি জানান, ১৯৬০ সাল থেকে গোলাম মাওলা রনির বাবা বাড়িটিতে বসবাস করে আসছিলেন।
১৯৭০ সালের বন্যায় বাড়ির জায়গা ক্রয় সংক্রান্ত সব কাগজপত্র ভেসে যায়। এ বিষয়ে আমরা গত ২৩ জুন রিট আবেদন করেছিলাম। রিটে রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ চেয়েছিলাম। কিন্তু গতকাল রোববার ওই রিটটি শুনানি নিয়ে খারিজ করেছেন আদালত। তবে এই রিট খারিজের বিষয়ে আপিল আবেদন করবেন বলেও জানান রিটকারী আইনজীবী।
এর আগে, গত মঙ্গলবার সকালে সরকারি জমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণ করার অভিযোগে পটুয়াখালী জেলা প্রশাসন অভিযান চালিয়ে বাড়িটি ভেঙে দেয়। জানা যায়, গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি এক বছর মেয়াদে বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দোতলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন।
সরকারি জমি থেকে সাবেক এই সংসদ সদস্যের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এ অভিযান চালায়। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সেখানে উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে সেখানের প্রায় ৩০ শতক সরকারি জমি দখলমুক্ত হয়। এ বিষয়ে আবদুল কাইয়ুম বলেন, সরকারি জমি দখল করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। এ অভিযান অব্যাহত থাকবে।
