আলো ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। গত বুধবার থেকেই কাজ শুরু করেছেন বিজিবির সদস্যরা। রাজধানীতে মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে। মন্দির ও এর আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। সারাদেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জানতে চাইলে বিজিবির এই কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
