আলো ডেস্ক: দলের পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১১ জানুয়ারি এ কর্মসূচি করবে দলটি। গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনে যেসব দল গণমিছিল কর্মসূচি পালন করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে বিভাগীয় গণসমাবেশের মতো এখানে আপনারা জমায়েত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দাবি করছি।
আমরা আশা করছি, দেশের জনগণ গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ সরকারকে বিদায় জানাবে। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান বলেন, ১০ দফা দাবি মানতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না, করতে দেওয়াও হবে না। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
