আলো ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে ট্রলির চাপায় মো. জয়নাল আবেদীন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের হারিছ চৌধুরি বাজার-পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার চরজব্বর ইউনিয়নের চরবাগ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
তিনি স্থানীয় সমিতির বাজারের একজন মুদি দোকানদার ছিলেন। স্থানীয়রা জানান, ব্যক্তিগত কাজে জয়নাল দুপুর পৌনে ২টার দিকে নিজের মোটরসাইকেলে করে পরিষ্কার বাজার থেকে আটকপালিয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তিনি উপজেলার চরজুবলী ইউনিয়নের হারিছ চৌধুরি বাজার-পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ জানান, পালিয়ে যাওয়া চালকসহ ট্রলিটি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুই বাসের সংঘর্ষে আহত ১৬: নোয়াখালীর সদর উপজেলায় শোক র্যালিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকায় বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত ২০ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আহত সবাই জেলা শহর মাইজদিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীর শোক র্যালি ও আলোচনা সভায় যাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে নেতাকর্মীদের আনতে যাচ্ছিল।
যাত্রা পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাস দুটি জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
