ইফতেখার আলম বিশাল
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ফায়ার ড্রিল এক্সারসাইজ অ্যান্ড ফায়ার সেফটি এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।
প্রশিক্ষণ পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ সদস্যরা। এ সময় অগ্নিকা-ের ঘটনায় তাৎক্ষণিক করণীয়, নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ফায়ার সেফটি সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষকরা জানান, বাড়ি, অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অসাবধানতাবশত সৃষ্ট ছোট আগুনও সচেতনতার অভাবে বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে। তাই অগ্নি নিরাপত্তা বিষয়ে সকলের প্রাথমিক জ্ঞান ও প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, অনেক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকলেও সেগুলোর ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় জরুরি মুহূর্তে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হয় না। এ ধরনের প্রশিক্ষণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের ব্যবহারিক অনুশীলনে অংশ নেন।
