বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং স্থানীয় সড়কের সমস্যা সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকী ফয়সাল তালুকদার।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনসুর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের আহ্বান জানান।
