ইফতেখার আলম বিশাল
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দিতে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিশু শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে চন্দ্রিমা থানা যুবদল। শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের প্রকৃতিপ্রেমী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর শিরোইল কলোনির চার নম্বর গলির শেষ মাথায় অবস্থিত আল আরাফা একাডেমি স্কুলের শিশু শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। রাজশাহী মহানগর যুবদলের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চারা পেয়ে শিশুদের হাসিমুখে বাড়ি ফিরতে দেখা গেছে।
আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। তাই শুধু গাছ লাগানো নয়, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করা গেলে ভবিষ্যতে তারা সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, শিশুদের কল্যাণ ও জনসচেতনতামূলক কর্মকা-ে তরুণদের সম্পৃক্ততা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা গেলে নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন ও মোফাজ্জল হক শুভ, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলী মানিক, যুবনেতা শহিদুল ইসলাম, আশরাফুল হুদা সিয়াম ও আব্দুস সাত্তার রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন, সদস্যসচিব রজব আলী, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক শাহীন হোসেন, সদস্যসচিব ইউসুফ আলী সনি, যুগ্ম আহ্বায়ক শিহাব ও শুভ, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী এবং বরেন্দ্র কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ জিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিবেশবান্ধব এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি হবে, বাড়বে বৃক্ষরোপণে আগ্রহ। আর সেই আগ্রহ থেকেই গড়ে উঠতে পারে ভবিষ্যতের আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী।
রাজশাহীতে বৃক্ষরোপণ
