বিনোদন ডেস্কঃ ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তাঁরা। বারবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে এবার তাদের সংসার অবশেষে ভেঙেই গেলো। চিত্রনায়িকা পরীমনি অভিনেতা শরীফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন। গণমাধ্যমের হাতে সেই তালাকের কপি এসে পৌঁছেছে।
তালকনামায় বিচ্ছেদের জন্য চারটি কারণ উল্লেখ করেছেন পরীমনি। প্রথমত, তাদের মতের মিল হচ্ছিল না। দ্বিতীয়ত, কোনো কিছু নিয়েই বনিবনা হচ্ছিল না। তৃতীয়ত, রাজ তার এবং সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন না এবং চতুর্থত, নায়িকা মানসিক অশান্তিতে ভুগছিলেন। সে কারণে ১৮ নং কলাম অনুযায়ী পরীমনি বিবাহ বন্ধন ছিন্ন করার ইচ্ছাপ্রকাশ করেছেন।
যদিও এই নায়িকা আরও মাস ছয়েক আগেই জানান যে, রাজের সাথে তিনি এই অসুস্থ সম্পর্কটাকে আর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে চান না। একই কথা বলেছিলেন রাজও।
এ প্রসঙ্গে জানতে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলনে, আমি মাত্র ঘুম থেকে উঠছি। উঠেই দেখি অনেকেই আমাকে কল দিয়েছে। যা দেখে আতঙ্ক হয়ে যাই। এরপর সবার সঙ্গে যোগাযোগ করলে শুনি পরী নাকি আমাকে তালাক নামা পাঠিয়েছে। যা শুনে আমি চমকে যাই। এ ব্যাপারে আমি কিছুই জানি না।
