স্টাফ রিপোর্টার
রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনের দায়ের করা মামলায় এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম গোলাম রসুল (৩৫)। তার বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে। রসুল পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালত। আসামিকে গ্রেপ্তারের পর এই রায় কার্যকর হবে বলে জানান আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।
তিনি জানান, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। এরপর ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন। এতে গোলাম রসুল ক্ষিপ্ত হয়ে ওঠেন ।
তালাক দেওয়ার তিন দিন পর ২৪ আগস্ট ভোরে ওই তরুণীর বাবা বাড়ির সামনে একটি খাম পান। খামের ভেতরে ছিলো তরুণীর কিছু নগ্ন ছবি। এসব ছবি রসুল তুলে রেখেছিলেন। এ ঘটনায় সেই দিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি নগ্ন ছবি পায়। এ সময় জব্দ করা হয় তার কম্পিউটারটি।
এ নিয়ে রসুলের বিরুদ্ধে কাহালু থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ সেই দিন আসামি গোলাম রসুলকে গ্রেপ্তারও করেছিলেন। পরে জামিন পেয়ে তিনি পালিয়ে যান।
