মো: আতিকুর রহমান
রাজশাহীর গোদাগাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা/এজাহার দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ২০২৬ দুপুরে গোদাগাড়ী থানাধীন ২ নম্বর মোহনপুর ইউনিয়নের মোহনপুর দরগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা নেই। তার বাবা কর্মসূত্রে ঢাকায় থাকায় শিশুটি নানার বাড়িতে বসবাস করছিল। ঘটনার দিন দুপুরে শিশুটির নানী বাড়ির পাশের জমিতে ধান শুকাতে দেন এবং শিশুটিকে সেখানে দেখাশোনার জন্য পাঠান।
অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত কিশোর শিশুটিকে কামরাঙ্গা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
শিশুটির কান্না ও চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি ঘটনাস্থলে গেলে অভিযুক্ত কিশোর সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে শিশুটির নানী মোসাঃ শামসুন্নাহার (৪৫) বাদী হয়ে অভিযুক্ত মোঃ আখিরুল ইসলাম তামিমের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাইয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা, মানসিক সুস্থতা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন স্বজনরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: শিশুটির সুরক্ষার স্বার্থে তার নাম, ছবি, পূর্ণ ঠিকানা বা এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি, যার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে।
