আলো ডেস্ক:
সারা দেশে গত মঙ্গলবার রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫১ জনকে।
এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট ৬ হাজার ৩৫৭ জন গ্রেপ্তার হলো। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার রাত থেকে তাদের গ্রেপ্তারের সময়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি স্টিলের চাপাতি, দুইটি বার্মিজ চাকু, একটি স্টিলের জং ধরা ছুরি উদ্ধার করা হয়।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন। তাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান।
হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট বিশেষ অভিযান শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, এই অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
