স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক ও বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পৌরসভার দেবীপুর আশ্রয়ণ প্রকল্পের মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়। এ সময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু উপস্থিত থেকে বাসিন্দাদের মাঝে মশারি তুলে দেন। উঠান বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করাসহ ঘুমানোর সময় মশারি ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। পৌর প্রশাসক লায়লা নূর তানজু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয়আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
