স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই মাদকসেবী ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন। এদের মধ্যে একজনকে ৩ মাস ও আরেক জনকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও ২০ পিছ টাপেন্টাডলসহ দুর্গাপুর (চুনিয়াপাড়া) থেকে রেজাউল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-উপজেলার পুর্ব সিংগা এলাকার শিহাব (২৫), ও হাড়িয়াপাড়া গ্রামের শিমুল ইসলাম (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা (খ) সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনের বিরুদ্ধে মাদকসহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া দুই মাদকসেবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
