জাহিদুল ইসলাম র্দ্গুাপুর
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উম্মে হাবিবা ফারজানা। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল.এ শাখা-১) হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের সময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন শাপলা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণের পরপরই উম্মে হাবিবা ফারজানা দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে এক আন্তরিক বার্তা দেন। তিনি বলেন, “জনগণের ন্যায়সঙ্গত ও বৈধ যেকোনো কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে। কোনো নাগরিক যেন ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে। সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির সুযোগ থাকবে না। অফিসিয়াল নম্বরে যোগাযোগ করলে দ্রুত ও আন্তরিক সেবা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, দুর্গাপুরকে একটি মাদকমুক্ত, নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। বেকারত্ব নিরসনে সরকারি বিভিন্ন কর্মসূচির যথাযথ বাস্তবায়ন, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মান উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
নবাগত ইউএনও বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অবৈধ দখল, পরিবেশবিনাশী কর্মকা-সহ যেকোনো ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই হবে তাঁর প্রশাসনিক কার্যক্রমের মূল লক্ষ্য। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করবেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদানকে স্বাগত জানিয়েছেন দুর্গাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্বে দুর্গাপুরে সরকারি সেবার মান আরও উন্নত হবে, উন্নয়ন কর্মকা-ে গতি আসবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও কার্যকরভাবে সরকারি সেবা পৌঁছে যাবে।
