স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র সরমংলা ইকো পার্কে নবনির্মিত ওয়াকওয়ে ও গাইড ওয়ালের একটি অংশ বর্ষার প্রথম দফার বৃষ্টিতেই ধসে পড়েছে। এতে খাড়ির পাড়ের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তা রেলিং ও দর্শনার্থীদের বসার বেঞ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় শূন্যে ঝুলে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কৃষি মন্ত্রণালয়ের অধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ব্যবস্থাপনায় ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পার্কটির সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। তবে নির্মাণকাজের মান ও কারিগরি পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে দেখা যায়, ধসে পড়া অংশে কংক্রিট ও ইটের গাঁথুনি ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার, পর্যাপ্ত মাটি পরীক্ষা ও টেকসই প্রতিরোধব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই এ ক্ষতি হয়েছে। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
২০০৩ সালে প্রতিষ্ঠিত সরমংলা ইকো পার্কটি কৃত্রিম খাল, সবুজ বনায়ন ও মনোরম পরিবেশের কারণে বরেন্দ্র অঞ্চলের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, বিশেষ করে পরিবার ও শিশুরা এখানে ঘুরতে আসেন। ফলে ক্ষতিগ্রস্ত ওয়াকওয়ে এখন তাদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বিএমডিএর গোদাগাড়ী অঞ্চলের কর্মকর্তা লতিফ বলেন, মূল প্রকল্পে সৌন্দর্যবর্ধনের জন্য আলাদা বাজেট ছিল না। পাইপলাইন নির্মাণকাজের সময় ঠিকাদারকে দিয়ে অতিরিক্তভাবে ওয়াকওয়ের কাজ করানো হয়েছিল। তাঁর দাবি, অতিবৃষ্টির কারণেই ওয়াকওয়ের অংশবিশেষ ধসে পড়েছে। তবে নির্মাণমান ও অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রকৌশলগত তদন্ত, ক্ষতিগ্রস্ত অংশে নিরাপদ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতে টেকসই অবকাঠামো নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
