লিয়াকত হোসেন
রাজশাহী শহরের আলুপট্টির মোড়ে সোমবার (১৭ আগস্ট) সকালে জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববব্ধন শেষে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এনামুল হক এর কাছে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ও সিটিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং সিএলপি এর সহযোগিতায় ‘জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট এর পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, শিক্ষক মোঃ সেকেন্দার হোসেন, সূপর্না ভদ্র, লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন প্রমুখ।
বক্তব্যরা বলেন, “প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। ভোক্তারা সহজেই যেন বুঝতে পারেন কোন পণ্যে কী পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে, সেজন্য খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করতে হবে। এটি জনস্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হোক, যাতে মানুষ সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে পারে।
