স্টাফ রিপোর্টার
রাজশাহী দুর্গাপুরে সরকারি নির্ধারিত কর্মঘণ্টায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘটনায় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামকে নিয়ে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম আলিম মাদ্রাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলার কথা ছিল। কিন্তু এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তালা বদ্ধ রাখা হয়। এঘটনার পর উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরও সতর্ক করা হয়েছে।
এব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় কোনো প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন ও মনিটরিং অব্যাহত থাকবে।
